এবারের ঈদ হচ্ছে নির্বাচনী ঈদ। জাতীয় নির্বাচনের আর মাত্র বাকি কয়েক মাস। আগামী নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্বাচন ও আন্দোলনের আবহে হতে যাচ্ছে এবারের ঈদ। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজনীতিবিদরা ছুটছেন নিজ নিজ নির্বাচনি এলাকায়। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা ঢাকায় ঈদ করে নির্বাচনি এলাকায় যাবেন। ঢাকার আশপাশের জেলার নেতাদের বেশিরভাগ ঢাকায় ঈদ করার পর নির্বাচনি এলাকায় যাবেন বলে দেশ বর্তমানকে জানিয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ করবেন ঢাকায় সরকারি বাসভবন গণভবনে। এবার ঈদের দিন বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
এদিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরীও ঈদ করবেন ঢাকায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ করবেন ঢাকায়। তবে নোয়াখালীতে নিজের নির্বাচনি এলাকার নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন।
আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে দলটির উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদুল ফিতর উদযাপন করবেন। তবে ইতোমধ্যে নিজ এলাকা ঝালকাঠিতে গিয়ে ঘুরে এসেছেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদও ঈদ করবেন রাজধানীতেই। ঈদের দিন বনানীর বাসায় কাটাবেন তিনি। তবে তিনিও ইতোমধ্যে নিজ নির্বাচনি এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এসেছেন।
সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঈদ করবেন ঢাকায়। তবে ঈদের আগে তিনি নির্বাচনি এলাকা টাঙ্গাইলে ঘুরে এসেছেন। ঈদের পরও যাবেন। সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও জাহাঙ্গীর কবির নানকও ঈদ করবেন ঢাকায়। সভাপতিমন্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান ঈদ করবেন নিজ এলাকা ফরিদপুরে।
যুগ্মসাধারণ সম্পাদকদের মধ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ঈদ করবেন নিজ নির্বাচনি এলাকায় চট্টগ্রামে। আরেক যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুউল আলম হানিফ ঈদ করবেন দেশের বাইরে। তবে ঈদের আগেই তিনি নিজ এলাকা কুষ্টিয়ায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গ্রামের বাড়ি মাদারীপুরে ঈদ করবেন।
বিএনপি নেতৃবৃন্দের ঈদ:
বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, ঈদের দিন দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবনে থাকছেন। তার সঙ্গে ঈদ করতে দেশে অবস্থান করছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। এছাড়া দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদের সময় কাটাতে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশে পৌছে গেছেন কোকোর দুই মেয়ে। বরাবরের মতো এবার ঈদের দিন সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ঈদের দিন বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের জ্যেষ্ঠ নেতারা।’
শায়রুল কবির খান আরও বলেন, ‘এছাড়া ঈদের দিন সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় শুভেচ্ছা বিনিময় করবেন দলের শীর্ষ স্থানীয় নেতারা।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। ঈদের পরদিন তিনি নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও যাবেন। এছাড়া দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান ঢাকায় ঈদ করবেন।
এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শাহজাহান ওমর, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদের নামাজ আদায় করার পরে নিজ নিজ এলাকায় যাবেন।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লায় তার নিজ বাড়িতে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভারতে আছেন। তার স্ত্রী হাসিনা আহমেদ স্বামীর সঙ্গে ঈদে করতে ভারতে যাচ্ছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে ঈদ করবেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মজিবর রহমান সরোয়ার বরিশালে, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী, খায়রুল কবির খোকন নরসিংদী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ফরিদপুরে ঈদ করবেন।