আওয়ামী লীগে ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশী ৩৩৬২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশী ৩ হাজার ৩৬২ জন। যা আসন প্রতি দলটির মনোনয়নপ্রত্যাশী ১১ জনেরও বেশি। গত সংসদ নির্বাচনে প্রতি আসনের বিপরীতে দলটির মনোনয়ন ফরম কিনেছিলেন ১৩ জন।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এই পরিমাণ ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিন শেষ হয়েছে ফরম বিক্রি ও জমার সময়। আর ফরম বিক্রি হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকার। অনলাইনে বিক্রি হয়েছে ১২১টি।

সবচেয়ে বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে ৭৩০টি। চট্টগ্রামে ৬৫৯, রাজশাহী ৪০৯, খুলনা ৪১৬, রংপুর ৩০২, ময়মনসিংহ ২৯৫, সিলেট ১৭২ এবং বরিশাল বিভাগে ২৫৮টি। তবে আগের বারের তুলনায় এবার দলটির মনোনয়ন ফরম বিক্রি কম হয়েছে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ হাজার ২৩টি ফরম বিক্রি হয়েছিল। হিসাব অনুযায়ী, গত বারের তুলনায় এবার ৬৬১টি ফরম কম বিক্রি হয়েছে। এবার মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় বেশি হয়েছে। এবার ফরমপ্রতি ৫০ হাজার টাকা হারে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে দলটি। ২০১৮ সালে তারা মনোনয়ন ফরম বিক্রি করে আয় করেছিল ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। সেবার ফরমপ্রতি দাম ছিল ৩০ হাজার টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি হবে ভোট গ্রহণ। ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে দলের মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।