আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটে যাওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। সোমবার বিকেলে তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তৃণমূল বিএনপির এ নেতা। তৈমুর আলম খন্দকার বলেন, ‘সরকারের সাথে আমাদের কথায় কোনো সমন্বয় পাবেন না। আমরা অনেকেই পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি যে, আমরা (তৃণমূল) নাকি সরকারের সঙ্গে জোট করবো। এটা আমরা আগেই না করে দিয়েছি যে আমরা সরকারের সঙ্গে জোট করবো না।’ এ সময় রাজনৈতিক কারণে বন্দী বিএনপি নেতাদের মুক্তি দাবি করেন তৈমুর। ঋণখেলাপি না হলেই প্রার্থীদের বৈধতা দিতে নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান তিনি। তৈমুর বলেন, ‘সার্ভার ত্রুটির কারণে অনেকে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। কেউ ঋণখেলাপি না হলে আর জামানতের টাকা জমা দেওয়া থাকলেই তাঁকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়ার আহবান জানাই।’ গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।