অ্যাওয়ার্ড নিয়ে কটাক্ষ, ‘ক্ষুব্ধ’ জায়েদ খান

বৃহস্পতিবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রে ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ’ থেকে একটি পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান।

নিজের এই অর্জনকে জীবনের সেরা অর্জন বলে উল্লেখ করে দেশকেই অর্জনটি উৎসর্গ করেন বলে জানান এ চিত্রনায়ক।

জায়েদ খানের এই অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে এর সত্যতা যাচাই-বাছাই শুরু করে সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা পোর্টাল ব্লিটজ।  বিষয়টি জানতে জাতিসংঘ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন তারা।

ব্লিটজ জানায়, জায়েদ খানকে পুরস্কৃত করা ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ’ জাতিসংঘের অনুমোদিত কোনো সংস্থা নয়।  মূলত জাতিসংঘের একটি হলরুম ভাড়া করে বিভিন্নজনকে পুরস্কৃত করে এ প্রতিষ্ঠান।  কিছু পেশাদার ব্যক্তির উদ্যোগে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর এই সংগঠনের নামে একটি ডোমেইন কিনে পরে ওয়েবসাইট চালু করা হয়।

এরপরই জায়েদ খানের এই পুরস্কার প্রাপ্তি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়।  সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই অভিনেতাকে নিয়ে সমালোচনায় মেতে ওঠেন।  তার এই অ্যাওয়ার্ড প্রাপ্তিকে কটাক্ষ করেন।

বিষয়টি নজরে এসেছে জায়েদের নিজেরও।  তিনি দেশের মানুষের এমন প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছেন।  যুক্তরাষ্ট্র থেকে দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে ফোনালাপে জায়েদ খান বলেন, ‘মানুষ তো অনেক কিছু বলবে।  ইউনূসের অ্যাওয়ার্ডের সময়ও বলেছিল যে, কিনে নিয়ে এসেছে। ’

এরপর প্রশ্ন ছুঁড়ে জায়েদ বলেন, ‘আমি কি কোথাও বলেছি যে এটা সরাসরি জাতিসংঘের পুরস্কার? এখানে বিভিন্ন ভালো কাজের জন্য সম্মান প্রদান করা হয়েছে। ’

দেশের মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করে এই নায়ক বলেন, ‘বাংলাদেশের একটা ছেলে পুরস্কার পেয়েছে, এটাতে দেশের মানুষের গর্ব হওয়ার কথা, খুশি হওয়ার কথা।  কিন্তু সেটাকে নিয়ে উল্টাপাল্টা কথা, এত নেগেটিভ কথাবার্তা মানুষের…। ’

একটু থেমে জায়েদ বললেন, ‘আমি এগুলো গায়ে মাখি না।  কিন্তু কতোটা ছোট জাতি, তোরা তো আরও গর্ব করবি যে, ওখানে বলা হয়েছে জায়েদ খান ফিল্ম অ্যাক্টর বাংলাদেশ।  আমি তাদের ভিডিও দিলাম।  ভিডিওতে দেখা গেল আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।  তারপরও এ ধরনের কথাবার্তা বলার কোনো ভ্যালু আছে? ’