ভারতীয় নাগরিকত্ব পেলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। দেশটির ৭৭তম স্বাধীনতা দিবসে মঙ্গলবার এক টুইটে সুখবরটি জানান তিনি।
অক্ষয় টুইটে লেখেন, মন এবং নাগরিকত্ব- দুটোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অক্ষয়-সহ একাধিক বলিউড তারকার বিদেশি নাগরিকত্ব আছে। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কইফ-সহ আরও অনেকেই। অক্ষয়কে কানাডা থেকে দেওয়া হয়েছিল ‘সাম্মানিক নাগরিকত্ব’। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী এক জন মানুষ দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন না। সে ক্ষেত্রে শোনা যায়, অনেক অভিনেতাই বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না। কিন্তু স্বাধীনতা দিবসে কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পেলেন নায়ক।
কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে কম ট্রলের মুখে পড়তে হয়নি অক্ষয় কুমারকে গত কয়েক বছরে। এমনকি তাকে ট্রল করে ‘কানাডা কুমার’ বলেও ডাকতেন অনেকে। অবশ্য এর আগেই অক্ষয় জানিয়েছিলেন তিনি নাগরিকত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। খুব জলদিই ভারতের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
২০১৯ সালে অভিনেতা জনসমক্ষে কথা দিয়েছিলেন যে খুব শীঘ্রই তিনি বিদেশি নাগরিকত্ব বর্জন করে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তিনি আবেদন করেওছিলেন। কিন্তু তার পর করোনা পরিস্থিতি তৈরি হয়। গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল। ফলে তার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে যায়। অবশেষে চার বছর পর পেলেন ভারতীয় নাগরিকত্ব। খুবই খুশি অক্ষয়।
এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন ছবি ‘ওএমজি ২’। যে ছবিকে কেন্দ্র করে মুক্তির আগে বিস্তর বিতর্কও হয়েছিল। যদিও সিনেমা প্রেক্ষাগৃহে আসার পর দর্শকের প্রতিক্রিয়া অনেকটাই ইতিবাচক। এই একই দিনে মুক্তি পেয়েছে ‘গদর ২’। হিসাব অনুযায়ী সানি দেওলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে অক্ষয়ের। অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি।
এছাড়াও সেপ্টেম্বরের ১ তারিখ মুক্তি পাওয়ার কথা অক্ষয়ের আরও একটি ছবি। ২০২৪ সালে টাইগার শ্রফের সঙ্গে দেখা যাবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে। শোনা যাচ্ছে ‘হেরা ফেরি ৩’-তেও অক্ষয়কে দেখা যেতে পারে।
এমএইচএফ