সৎ মায়ের এ কেমন নৃশংসতা!

চট্টগ্রামের আনোয়ারায় প্রতিবেশির বাসায় কাঁঠাল খাওয়ায় আট বছরের এক শিশু মিজবাহ আকতারকে গরম চামচের ‘ছ্যাঁকা’ দিয়ে নৃশংসভাবে দগ্ধ করেছে সৎ মা। এ ঘটনায় সৎ মা নাহিদা সুলতানা অনিকাকে (২১) আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

দগ্ধ শিশু মিজবাহ আকতার মোহাম্মদ ফারুকের মেয়ে।

ভুক্তভোগী শিশু মিজবাহ বলে, আমার আব্বু বাজারে যাওয়ার পর আরেক জনের কাঁঠাল খাওয়ায় মা আমাকে গরম চামচ দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিছে এবং গলা টিপে ধরে দেওয়ালের সঙ্গে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশিরা জানান, মিজবাহ আক্তারের মায়ের মৃত্যু পর বাবা মোহাম্মদ ফারুক ফের বিয়ে করেন। প্রথম থেকেই ছোটো-খাটো ইস্যু নিয়ে শিশুটির ওপর অত্যাচার করা হতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পাশের ভাড়াটিয়ার বাসায় কাঁঠাল খাওয়ায় গরম চামচের ছ্যাকা দিয়ে দগ্ধ করে সৎ মা আনিকা। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

আনোয়ারা থানার ওসি মির্জা মুহাম্মদ হাছান জানান, খবর পেয়ে বটতলীর বাসা থেকে অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। শিশুটির নানা সিরাজুল ইসলামের এজাহার ভিত্তিতে আটক নারীর বিরুদ্ধে শিশু আইন, ২০১৩ মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।