আগামী ৫, ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে আফগানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ, তার সঙ্গে ফিরেছেন আফিফ হোসেনও। এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।
এর আগে টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিবকে ছাড়াই নেমেছিল বাংলাদেশ। একইসঙ্গে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও ব্যাকপেইনের ব্যথায় শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান। তবে তাকেও ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে।
ফরম্যাটটির জন্য আগে থেকেই বিসিবি অনুশীলন ক্যাম্প পরিচালনা করে আসছিল। যেখানে আফিফ-নাঈমদের সঙ্গে ছিলেন ঘরোয়া ক্রিকেটে রান করা এনামুল হক বিজয়ও। তবে আফিফ-নাঈম ডাক পেলেও বিজয়ের ওয়ানডেতে বিজয়ের জায়গা হয়নি।
এদিকে, আয়ারল্যান্ড সিরিজে খেলা তিন ক্রিকেটার মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি, ওপেনার রনি তালুকদার ও পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী আসন্ন সিরিজের দল থেকে বাদ পড়েছেন। এছাড়া আগেই জানা গিয়েছিল পবিত্র হজ পালন করতে যাওয়ায় এই সিরিজে থাকবেন না মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।