ফের একসঙ্গে রাজ-পরী?

সম্প্রতি শরীফুল রাজের ফেসবুক থেকে তিন অভিনেত্রীর সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়।  এসব ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই রাজ ও তার স্ত্রী অভিনেত্রী পরীমণির সম্পর্কে শুরু হয় টানাপোড়েন।  ঘটনাকে কেন্দ্র করে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে গণমাধ্যমে পাল্টা বক্তব্য দিয়েছেন দুজনেই।  একে অন্যের দিকে অভিযোগের তীরও ছুঁড়েছেন।  দুজনেই বলেছিলেন- ‘আর একসঙ্গে থাকা সম্ভব না’।

তাতেই ভক্তরা ধারণা করছিল, হয়ত সত্যিই এবার ভেঙে যেতে বসেছে রাজ ও পরীমণির সংসার।  তবে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারো একত্র হলেন আলোচিত অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল ইসলাম রাজ! এমনটিই ইঙ্গিত মিলল পরীমণির ফেসবুক পোস্ট থেকে।  যদিও এ বিষয়ে সরাসরি কথা বলেননি তাদের কেউই।

রোববার (১১ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমণি একটি ভিডিও প্রকাশ করেন।  যেখানে দেখা যায়, পুত্র রাজ্যকে নিয়ে কেক কাটছেন রাজ-পরী।  এসময় তাদের সঙ্গে ছিলেন পরীমণির নানাও।  যেই নানাকে রাজের বিরক্তির কারণে গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছিলেন পরী।

২০২২ সালের ১০ আগস্ট রাজ ও পরীমণি দম্পতির ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান রাজ্য।  সেই হিসাবে ১০ মাস পূর্ণ করে ১১ মাসে পা রাখলো রাজ্য।  এই খুশির মহূর্তটি ছেলের সঙ্গে কাটালেন রাজ-পরী।

ভিডিওটি শেয়ার করে পরীমণি লেখেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।  হ্যাপি টেন মান্থস বাপজান। ’ সঙ্গে জুড়ে দিলেন, ‘মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই…। ’

তবে রাজ-পরীর সংসারে এই সময়টা যেমন আনন্দের, একই সঙ্গে অর্থবহও।  কেননা তিন অভিনেত্রীর সঙ্গে রাজের ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হওয়ার পর পরীমণি বলেছিলেন,  ‘রাজের স্ত্রী পরিচয় দিতে চান না, এমনকি ২৪ ঘণ্টার মধ্যেই ডিভোর্স চান’।

পরীমণি আরও জানিয়েছিলেন, গত ২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ।  এরপর থেকে সে বাসায়ও ফেরেননি, ফোনটাও ধরছেন না আর।  আর গত মার্চেই রাজ তাদের বিয়ের কাবিননামা ছিড়ে টুকরো টুকরো করে ফেলেছে।

এরপর বিভিন্ন গণমাধ্যমে এসে রাজের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চান বলেও জানান পরীমণি।  গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন রাজও।

যদিও বিষয়টি নিয়ে রাজ কিংবা পরীমণি সরাসরি মন্তব্য করেননি।  এখন দেখার অপেক্ষা, তারা এমন হাসি-আনন্দেই মেতে থাকবেন, নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন।  সেই উত্তর আপাতত তোলা রইল সময়ের হাতে।

প্রসঙ্গত, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ।  ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।  একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি।  এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়েও সারেন রাজ-পরী।