রাশিয়ায় আক্রমণ চালানো ইউক্রেনের জন্য কঠিন হয়ে পড়েছে

নোভা কাখোভকা বাঁধ ভেঙে যাওয়ার ফলে ডিনিপার নদী পার হয়ে রাশিয়ার বিরুদ্ধে সফল আক্রমণ চালানো ইউক্রেনের জন্য কঠিন হয়ে পড়েছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উপদেষ্টা এমন মন্তব্য করেছেন।

মার্কিন সাময়িকী নিউজউইক-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই নদী ইউক্রেনীয় ও দখলদার রুশ সেনাদের মধ্যে সম্মুখ রেখার অংশ। পশ্চিম তীরে খেরসন শহরে ইউক্রেনের সেনারা এবং পূর্ব তীরে রুশ সেনাদের অবস্থান। ইউক্রেনের দীর্ঘ প্রতিক্ষীত পাল্টা আক্রমণের সম্ভাব্য একটি রণক্ষেত্রে হতে পারে খেরসন।

২০১৯ থেকে ২০২০ সাল ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আন্দ্রি জাগোরোদনিয়ুক এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তার মতে, ডিনিপার নদী পার হয়ে আক্রমণ করার পরিকল্পনা এখন আর ইউক্রেন করবে না।

আন্দ্রি জাগোরোদনিয়ুক বলেন, বাঁধ ভেঙে পানির প্রবাহ বেড়ে যাওয়ার কারণে কার্যত নদী পার হওয়া অসম্ভব হয়ে গেছে। এমনকি পুরো অঞ্চলে অভিযান পরিচালনা করা কঠিন হবে।

ইউক্রেনীয় উপদেষ্টা বলেছেন, বাঁধ উড়িয়ে দেওয়া একেবারে নিখাদ সন্ত্রাসবাদ। তিনি ইঙ্গিত দিয়েছেন, মস্কো এই বিপর্যয়ের দায় নেবে না।

তার মতে, বাঁধ উড়িয়ে দেওয়া পাল্টা আক্রমণ থেকে মনোযোগ সরিয়ে নেওয়া এবং ইউক্রেনীয়দের ডিনিপার নদী পার হওয়া ঠেকানো।

বাঁধ ভেঙে পড়ার জন্য ইউক্রেন ও রাশিয়া একে অপরকে দায়ী করছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। মস্কোপন্থী কর্মকর্তারা দাবি করেছেন, রাতে ইউক্রেনীয়দের একাধিক হামলায় বাঁধ ভেঙেছে।