কুমতলবে বিভোর থাকলে সরকারের পরিণতি হবে ভয়াবহ: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের প্রতি নেতিবাচক প্রভাব খাটিয়ে অতীতে কোনো স্বৈরাচার সরকারই নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারেনি। তাদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। আপনারাও (সরকার) যদি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি যত্নবান না হয়ে হরণ করার কুমতলবে বিভোর থাকেন, তাহলে আপনাদের পরিণতিও হবে ভয়াবহ।

গণতন্ত্র মঞ্চের রোডমার্চে আওয়ামী সন্ত্রাসীদের হামলার অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ জুন ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের মানুষ এক চরম নিরাপত্তাহীনতায় দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। রাষ্ট্র পরিচালনায় সর্ব ক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে জনগণের অভাবনীয় সমর্থন দেখে এবং তাতে ভয় পেয়ে বিরোধী দল ও মতের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, তাঁদের গুরুতর আহত করছে।

সোমবার (৫ জুন ) বিকেল পাঁচটায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের জয়পুরহাট সড়কের মোড়ে অস্থায়ী মাছবাজারে সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর বগুড়া শহরে ফিরছিল। সন্ধ্যা সাতটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলা বাজারে প্রথম হামলার ঘটনা ঘটে। এতে গণতন্ত্র মঞ্চের তিন নেতা আহত হন। রাত আটটার দিকে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা। রাত ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথার অদূরে আমজাদিয়া আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় তিনজন আহত হয়েছেন বলে পরে জোনায়েদ সাকি অভিযোগ করেন।