অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের বিষয়ে আগামী ২১ জুন রায়ের দিন দিয়েছেন আদালত।
সোমবার (৫ জুন ) ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মঞ্জুরুল ইমাম উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এদিন নির্ধারণ করেন।
মিজানুরের আইনজীবী এহসানুল হক সমাজী জানান, এ দিন মিজান ও তার ভাগ্নে মাহমুদুল হাসানকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আসামির ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসান আদালতে হাজিরা দেন। তবে মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলায় ৩৩ সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।
আসামি মাহমুদুলের পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী শাহীনুর ইসলাম। তিনি বলেন, “বেশিরভাগ সাক্ষীই মাহমুদুলের বিরুদ্ধে কিছু বলেননি। সুতরাং তার খালাস পাওয়ার কথা। রাষ্ট্রপক্ষে মামলাটি লড়ছেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি সাত লাখ পাঁচ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।
তদন্ত শেষে ২০২০ সালের ৩০ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ২০২০ সালের ২০ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আদালতে মামলার বিচার শুরু হয়।