টেইলর সুইফট-রিয়ানা-বিয়ন্সে ফোর্বসের স্বপ্রতিষ্ঠিত শীর্ষ ৩ ধনী নারী

ফোর্বসের ২০২৩ সালের আমেরিকার স্বপ্রতিষ্ঠিত শীর্ষ ধনী নারীর তালিকায় উঠে এসেছে টেইলর সুইফট, রিয়ানা ও বিয়ন্সের মতো তিন তারকার নাম।  খবর বিলবোর্ড-এর।

গত বছর রিয়ানা, বিয়ন্সে এবং টেইলর সুইফট তিনজনের গানই বিলবোর্ডের হট হান্ড্রেড টপ টেন হিটসে এসেছিল।  এবছর ফোর্বসের তালিকা প্রকাশের মাধ্যমে সঙ্গীত জগতের এই ত্রয়ী আবারও রাজত্ব করেছেন সেই তালিকায়।

বৃহস্পতিবার (১ জুন) প্রকাশিত এ তালিকায় রিয়ানা রয়েছেন ২০তম স্থানে এবং তার ‘সেলফ-মেড স্কোর’ হলো ১০।  ফোর্বসের হিসাব অনুযায়ী, ‘আমব্রেলা’ গায়িকার সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার।  স্পষ্টত সমসাময়িক অন্য অনেক সঙ্গীতশিল্পীর চাইতেই এগিয়ে আছেন ৩৫ বছর বয়সী এই গায়িকা।  তবে সঙ্গীতের পাশাপাশি রিয়ানার প্রসাধনী ব্র্যান্ডও তার সম্পদের পাল্লা ভারি করতে বেশ সাহায্য করেছে।

ফরাসি বিলাসপণ্য কনগ্লোমারেট এলভিএমএইচ এর সঙ্গে মিলে ফেন্টি বিউটি নামক ব্র্যান্ডের সহ-সত্ত্বাধিকারী রিয়ানা।  ২০২২ সালে এই ব্র্যান্ডটির আয় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন ফোর্বস।  এছাড়াও, ‘স্যাভেজ এক্স ফেন্টি’ লঞ্জারি লাইনেও (অন্তর্বাস) রিয়ানার ৩০ শতাংশ শেয়ার রয়েছে।  গত বছরের ফেব্রুয়ারিতে এই অন্তর্বাসের ব্র্যান্ডের আয় হয়েছিল ১ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (১ জুন) প্রকাশিত এ তালিকায় টেইলর সুইফট আছেন ৩৪তম স্থানে এবং তার ‘সেলফ-মেড’ স্কোর হলো ৮।  ফোর্বসের হিসাব অনুযায়ী, ‘অল টু ওয়েল’ গায়িকার মোট সম্পদের পরিমাণ ৭৪০ মিলিয়ন ডলার।  ইতোপূর্বে প্রায়ই টেইলর সুইফটের নানা অ্যালবাম ও গান রেকর্ড ভেঙে দিয়েছে।  এখান থেকে আয়ের পাশাপাশি বিভিন্ন ট্যুরের মাধ্যমে প্রচুর টাকা আয় করেন এই গায়িকা।  গত বছর বিলবোর্ড-এর ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে হট হান্ড্রেড তালিকায় সেরা দশেই জায়গা করে নেওয়ার রেকর্ড গড়েন টেইলর সুইফট।

অন্যদিকে, বিয়ন্সে এই মুহূর্তে তার রেনেসা ওয়ার্ল্ড ট্যুরের ইউরোপিয়ান অঞ্চল ভ্রমণ অংশের মাঝামাঝি আছেন।  ফোর্বসের তালিকায় তার অবস্থান ৪৮তম এবং তারও ‘সেলফ-মেড স্কোর’ ৮।  ফোর্বস সূত্র অনুযায়ী, তিন দশকের সফল সঙ্গীত ক্যারিয়ারে বিয়ন্সের মোট সম্পদের পরিমাণ ৫৪০ মিলিয়ন ডলার।  এবছর ফ্যাশন হাউজ বালমে’র সঙ্গে কোলাবরেশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ‘আমেরিকা হ্যাজ আ প্রবলেম’ গায়িকা।