চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের এক তরফা নির্বাচন, অভিযোগ জেলা প্রশাসকের দিকে

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ত্রিবার্ষিক কাউন্সিল শুক্রবার (২ জুন) নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন জেলা রোভারের সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জানা গেছে, সকাল ৯ টা থেকে কাউন্সিল শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়।

অভিযোগ উঠেছে, সভার শুরু থেকেই বৈধ কাউন্সিলররা বিগত কমিটির আর্থিক অনিয়ম ও বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন, তালিকাভুক্ত অবৈধ কাউন্সিলর এবং অভিযুক্ত ও বহিষ্কৃতদের সম্পর্কে প্রশ্ন করলে তার কোনো সঠিক উত্তর দেয়নি সভাপতি। উল্টো কাউন্সিলরদের ধমক দিয়ে সরাসরি নির্বাচনের দিকে এগিয়ে যান।

আরও অভিযোগ উঠেছে, মূলত একটি গোষ্ঠীর পূর্ব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উত্থাপিত প্রশ্নের উত্তর না দিয়ে কাউন্সিলরদের ধমক দিয়ে সরাসরি নির্বাচনের দিকে এগিয়ে যান সভাপতি।

পরে কাউন্সিলররা নির্বাচন পরিচালনার জন্য গঠিত পরিষদ ও ইতোপূর্বে গঠিত এডপ্ট কমিটির বিধি মোতাবেক নির্বাচন হয়নি মর্মে জানতে চাইলে সভাপতি বলেন, ‘আমি যাই বলি তাই বিধি, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।’ কেউ পদ প্রত্যাহার করতে চাইলেও পারবে না বলে হুঁশিয়ারি দেন।

এ সময় চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, মডেল ও বেসরকারি কলেজের বেশ কয়েকজন অধ্যক্ষ ও আরএসএলসহ প্রায় ৬০ জন নির্বাচন বয়কট করে প্রতিবাদ জানিয়ে সভাস্থল ত্যাগ করেন।

নির্বাচন বয়কটকারী কাউন্সিলররা অভিযোগ করে জানান, আমরা সভাস্থল ত্যাগ করার পর সভাপতি পুলিশ প্রহরায় নির্বাচন সম্পন্ন করে জামায়াত শিবির সমর্থকদ প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন সভাপতি।

রোভার স্কাউটসের নির্বাচন পরিচালনা পরিষদ গঠন বিষয়ে রোভার আঞ্চলিক উপবিধির ৮৮ (ক) ধারায় সুস্পষ্টভাবে বিধান রয়েছে। উক্ত ধারায় নির্বাচন পরিচালনা পরিষদ গঠনের বিষয়ে স্পষ্ট উল্লেখ আছে, নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যগণের অবশ্যই জেলা কাউন্সিলর হওয়ার যোগ্যতা থাকতে হবে। কিন্তু নির্বাচন পরিচালনা পরিষদ যাদের নিয়ে গঠন করা হয়েছে তারা কেউ যোগ্যতা সম্পন্ন নয়। তাই এই নির্বাচন পরিষদ ও নির্বাচনী প্রক্রিয়া আইনত অগ্রহণযোগ্য ও প্রশ্নবিদ্ধ। ইতোপূর্বে গঠিত এডপ্ট কমিটিও সম্পূর্ণ বিধি বহির্ভূত।

এ সময় সভাপতি দ্বারা কাউন্সিলরদের শাসন করা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়া, উদ্দেশ্যমূলক ও পক্ষপাতী অবৈধ নির্বাচনকে বয়কট করে কাউন্সিলর ও ক্ষতিগ্রস্ত রোভারবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।