সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শুক্রবার (২ জুন) নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলটি।
আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করে ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন।’ পোস্টে কিউআর কোডও শেয়ার করা হয়েছে।
বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আওয়ামী লীগের ফেসবুক পোস্টটি সাড়ে ৫ হাজারের বেশি ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন। পোস্টটিতে ৭ শতাধিক কমেন্ট ও শেয়ার হয়েছে প্রায় ১ হাজারেরও বেশি। আর এই সময়ের মধ্যে অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটি ১ হাজারের বেশি ব্যবহারকারী অনুসরণ (ফলো) করছেন এবং লাইক পড়েছে সাড়ে ৮শ’র বেশি।

আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টটিতে গত দুই দিনে পাঁচটি ভিডিও আপলোড করা হয়েছে। এর মধ্যে চারটি দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং একটি যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে আওয়ামী লীগের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। দেশের সর্বস্তরে আধুনিক ও প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে দলটি। এমনকি দলের ভেতরেও ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন ঘটিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের নিয়মিত সক্রিয় ভ্যারিফাইড পেজসহ ডিজিটাল মাধ্যম ব্যবহার করা ও সর্বস্তরে প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর জোর দিয়েছে আওয়ামী লীগ। তারই সবশেষ পদক্ষেপ দলের টিকটক অ্যাকাউন্ট।