কন্যাসন্তানের বাবা হলেন চিত্রনায়ক রোশান

তিন বছর আগে বিয়ে করলেও চলতি মাসের প্রথম সপ্তাহে খবরটি প্রকাশ্যে আনেন চিত্রনায়ক জিয়াউল রোশান।  বুধবার (২৪ মে) রাতে জানালেন, তিনি বাবা হয়েছেন।

সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টে নবজাতকের চারটি ছবি শেয়ার করে রোশান।  সঙ্গে লেখেন, আলহামদুলিল্লাহ, আজ আমি আশীর্বাদ পেলাম, যেন বেহেশত সাথে আছে।

রোশান জানান, কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।  বুধবার (২৪ মে) বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দেন।  এ সময় রোশানসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

রোশান জানান, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।  এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে।  দুই পরিবারের সবাই খুশি।  তবে মেয়ের নাম এখন চূড়ান্ত করা হয়নি।  শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে মেয়ের নাম জানানো হবে সবাইকে।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের।  এ সিনেমায় পরীমণির বিপরীতে তাকে দেখা যায়।  এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন।  গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার জোড়া সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’।