বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন বিয়ের খবর। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। বুধবার (২৪ মে ) পারিবারিক আয়োজনে তাঁদের চার হাত এক হয়েছে।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের সাজে স্ত্রীর সঙ্গে তোলা বেশকিছু ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান নিজেই।
ছবির সঙ্গে পোস্টের ক্যাপশনে জীবনের নতুন এই সফরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে ইমরান লিখেছেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে-অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

ইমরান আরও লিখেছেন, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ (২৪ মে) থেকে আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।

তারকা বলে কথা, একেবারে ঘরোয়া আয়োজনে তো পূর্ণতা পায় না। তাই আগামী নভেম্বরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলেও জানালেন ইমরান। সে আয়োজনে সংগীত ও সিনেমা অঙ্গনের ঘনিষ্ঠজনদের নিমন্ত্রণ করবেন এ গায়ক।

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে মিডিয়ায় পথচলা শুরু ইমরানের। চলচ্চিত্রে প্লেব্যাক করার পাশাপাশি একক গানেও সফল তিনি। তাঁর সংগীত পরিচালনায় গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য শ্রেষ্ঠ গায়ক ও শ্রেষ্ঠ সুরকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমরান।