মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে পদাধিকার বলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) চেয়ারম্যান করার আইন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার (২২ মে ) এ রুল জারি করেন।
এছাড়াও রুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে পদাধিকার বলে জামুকার চেয়ারম্যান এবং সচিবকে সদস্য পদে নিয়োগ সংক্রান্ত আইনের বিধান কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আইন সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে রিটকারী নওয়াব আলী মন্ডলের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনটি স্থগিত করে তার ভাতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের ৫(১)(ক) ও ৫(১)(খ) ধারা অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিব পদাধিকার বলে যথাক্রমে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে যদি প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকেন, তারা পদাধিকার বলে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বগুড়ার নওয়াব আলীর দায়ের করা রিট আবেদনে বলা হয়, যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং সচিব একইসঙ্গে জামুকার সর্বোচ্চ পদে আসীন, ফলে তারা জামুকার নির্বাহী প্রধান হিসেবে যে সুপারিশ করেন, মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব হিসেবে সেটাই ‘মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত হিসেবে প্রকাশ করেন। তাছাড়া জামুকা একজন মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের জন্য মন্ত্রণালয় বরাবরে সুপারিশ করলে মন্ত্রণালয় তা করার আগে অভিযোগ খন্ডানো বা শুনানির কোনো সুযোগ দেয় না।
আবেদনে বলা হয়, আইনের ৮ ধারা অনুযায়ী জামুকার চেয়ারম্যান হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জামুকার সব নির্বাহী ক্ষমতার অধিকারী, আবার মন্ত্রণালয়েরও প্রধান তিনি। সে কারণে জামুকা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কার্যত একই প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এক্ষেত্রে তদন্তকারী এবং বিচারক একই ব্যক্তি, যা ন্যায়বিচার নীতির পরিপন্থি।