সন্তান সামলানোটা কত ‘ঝামেলার’ বুঝছেন কিম কার্ডাশিয়ান

চার সন্তানের মা হিসেবে নিজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন হলিউড মডেল-অভিনেত্রী কিম কার্ডাশিয়ান।  তার ভাষ্যে, সন্তানদের ঠিকভাবে বড় করে তোলা পৃথিবীর সবচেয়ে ‘চ্যালেঞ্জিং ও কঠিনতম’ কাজ।

সম্প্রতি ‘অন পারপাস উইথ জে শেঠি’ নামের এক পডকাস্টে প্যারেন্টিং চ্যালেঞ্জ নিয়ে কার্ডাশিয়ান এমন অকপট হন বলে সিএনএন জানিয়েছে।  ৪২ বছর বয়সী এই অভিনেত্রী দাবি করেছেন, সন্তানদের বড় করে তোলার মতো জটিল বিষয় আর হয় না।

“অনেকেই বলেন, দিনগুলি দীর্ঘ মনে হয়, বছরগুলো দ্রুত চলে যায়।  এটা পুরোপুরি সত্য হতে পারে না।  বিশেষত যখন আপনার বাচ্চা রয়েছে, আপনি তাদের খাওয়াচ্ছেন, তারা পাগলামো করেই চলেছে।  এর চেয়ে ঝামেলার ব্যাপার আর হতে পারে না।”

তবে অভিনেত্রী বিশ্বাস করেন, এই ঝঞ্ঝাটের মধ্যেও মাতৃত্ব থেকে অনেক কিছু শেখা যায়।  মা হওয়ার পর নিজেকে প্রত্যাশার চেয়ে বেশি চেনা যায়।

“এমন অনেক রাত গেছে, আমি না ঘুমিয়ে কেঁদে পার করেছি।  আপনি কখনই সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে উঠবেন না, তবে একসময় নিজেই বুঝতে পারবেন বিষয়টি।  প্রতিটি দিন পার করার জন্য আপনি একসময় গর্বিত বোধ করবেন।  কেননা এর চেয়ে চ্যালেঞ্জিং ও তৃপ্তিমূলক কাজ আর হতে পারে না।”

কিম ২০১৪ সালে ঘর বেঁধেছিলেন র‌্যাপ তারকা কানিয়ে ওয়েস্টের সঙ্গে।  গত বছরতারা বিচ্ছেদের পথে হাঁটেন।  তাদের নর্থ, সেন্ট, শিকাগো ও সাম নামের চার সন্তান রয়েছে।