টাকা বুঝিয়ে দিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। বাদীকে প্রতারণার টাকা বুঝিয়ে দিয়ে আপস করলে ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলকে জামিন দেন আদালত।

সোমবার (২২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত তার জামিন মঞ্জুর করেন।

শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে গত ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন। পরদিন আদালত এ মামলার এজাহার গ্রহণ করে ৯ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। ওই মামলায় ২০ মে তাকে একদিনের রিমান্ড দেন আদালত।

রিমান্ড শেষে সোমবার নোবেলকে আদালতে হাজির করে পুলিশ। তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির। অন্যদিকে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করেন। এ সময় মামলার বাদী সাফায়েত ইসলাম উপস্থিত ছিলেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলায় সাফায়েত ইসলাম অভিযোগ করেন, তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ২০১৬ সালে যারা ওই প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী ছিলেন, তারা পুনর্মিলনী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তিনি নোবেলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিলের হীরাঝিল হোটেলের দ্বিতীয় তলায় নোবেলের সঙ্গে তিনি ও তার এক বন্ধু বৈঠক করেন। সেখানে তাদের কলেজের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলকে ১ লাখ ৭৫ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়।

সেদিনই নোবেলকে ১৫ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়। নোবেল জানান, অনুষ্ঠানের আগেই সব টাকা পরিশোধ করতে হবে। এরপর দুই দফায় তার ব্যাংক হিসাবে ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। নোবেল সেই টাকা তুলেও নেন। কিন্তু ২৮ এপ্রিল তিনি অনুষ্ঠানে যাননি।