প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
সোমবার (২২ মে) ডিবির পরিদর্শক হুমায়ুন কবির তাকে কারাগারে আটক রাখার এই আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করেছেন।
আবেদনে ডিবি পরিদর্শক হুমায়ুন কবির বলেন, আসামিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে এই মামলার ঘটনা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলা সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যাদি মামলা তদন্তের স্বার্থে যাচাইবাছাই করা হচ্ছে। আসামির নাম ঠিকানা যাচাইবাছাইও প্রক্রিয়াধীন। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে।
মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে জেল হাজতে আটক রাখতে হবে বলে আবেদনে উল্লেখ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এদিকে তার পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জামিন আবেদন করেছেন। বিকেল ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
২০ মে নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় ১৬ মে নোবেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে মোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি।