আজ কানে প্রদর্শিত হবে পরীমণির ‘মা’

শনিবার (২০ মে)  ৭৬তম বিশ্বের সবচেয়ে পুরনো ও বড় চলচ্চিত্রের আসর ‘কান চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশের একমাত্র সিনেমা পরীমণির ‘মা’-এর বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।  নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমাটি ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হবে।

এ উপলক্ষে দক্ষিণ ফ্রান্সের সাগর পাড়ের শহর কানে অবস্থান করছেন সিনেমার নির্মাতা অরণ্য আনোয়ার ও প্রযোজক পুলক কান্তি বড়ুয়া।

শুক্রবার (১৯ মে) তারা দুজনে উৎসব প্রাঙ্গনে হাজির হয়েছিলেন লুঙ্গি পরে।  সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, লুঙ্গির সঙ্গে ‘মা’ ছবির লোগো সম্বলিত একটি পাঞ্জাবি পরেন অরণ্য আনোয়ার।  অন্যদিকে, লুঙ্গির সঙ্গে ‘মা’ ছবির লোগো সম্বলিত একটি কালো রঙের টি-শার্ট পরেছেন পুলক কান্তি বড়ুয়া।  সঙ্গে তার মাথায় বাধা বাংলাদেশের পতাকা ও কোমরে বাধা গামছা।

তবে আজকের মূল প্রিমিয়ারে ফরমাল ড্রেস পরবেন তারা।  কারণ, প্রিমিয়ারের জন্য পোশাক নির্দিষ্ট করে দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

ফ্রান্সে যাওয়ার আগে নির্মাতা অরণ্য আনোয়ার বলেছিলেন, এটা আমার দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারের প্রথম সিনেমা।  যা কানে প্রিমিয়ার করতে পারছি।  একজন নির্মাতার কাছে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।  আমি চাই, বাংলাদেশ, কান উৎসব হয়ে সিনেমাটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক।  পৃথিবীর সকল মা’কে উৎসর্গ করেই এই সিনেমাটি আমি নির্মাণ করেছি।

অনেকদিন পর্দায় নেই পরীমণি।  ভোগ করছেন মাতৃত্বকালীন ছুটি। ছুটিতে যাওয়ার আগে শেষ শুটিং করা আলোচিত ‘মা’ সিনেমাটির মাধ্যমে ফের জাতীয় ও আন্তর্জাতিক পর্দায় উঠছেন এই অভিনেত্রী।  এরমধ্যে সিনেমাটিকে ঘিরে চলছে নানা প্রচারণা।  প্রকাশ হয়েছে সিনেমার পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি।

সিনেমাটি প্রসঙ্গে পরীর ভাষ্য, এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিল।  ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি।  আর এখন যখন সিনেমাটি মুক্তির মিছিলে, তখন রাজ্য আমার কোলে।  এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।