‘বিয়ের পর সময় কেটে যাচ্ছে আমি টের পাচ্ছি না’

বিয়ের পর প্রথমবারের স্ত্রীকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হলেন আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদির।  বৃহস্পতিবার (১৮ মে) স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি হলিউড সিনেমার প্রিমিয়ার শোয়ে হাজির হয়েছিলেন তিনি।

সেখানেই সালমান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

বিয়ের পর সময় কীভাবে কাটছে, এ প্রসঙ্গে সালমান বলছিলেন, ‘সময় কেটে যাচ্ছে আমি টের পাচ্ছি না।  ভেবেছিলাম তিনদিন কেটে গেছে।  কিন্তু দিশা বলছে, ১২ দিন কেটে গেছে।  আমি বিশ্বাসই করতে পারছিলাম না।  আমি জিজ্ঞেস করলাম তিন দিন না?  সে বলল না, ১২ দিন।  এমনিতে একটি দিনে ২৪ ঘণ্টা আমার কাছে যথেষ্ট মনে হতো না।  বিয়ের পর মনে হচ্ছে দিনটা আরো ছোট হয়ে গেছে।’

মধুচন্দ্রিমা নিয়ে সালমান বললেন, ‘বিয়ের ঘোর থেকেই এখনো বের হতে পারিনি, তাই হানিমুনে কোথায় যাব, না যাব সে বিষয়ে আলোচনাতেই আমরা যাইনি।  সব কিছু ঠিক করতে সময় লাগবে।  বিশেষ করে সব কিছু ছেড়ে এসেছে।  অনেক যুদ্ধ করে আমাদের বিয়েটা হয়েছে।  এখনো বাসাই গোছানো হয়নি।  সো হানিমুন বাসা গোছানোর পরে।’

বিয়ের সময় প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন উল্লেখ করে এই ইউটিউবার বলেন, ‘আসলে আমাকে যে যুদ্ধ করতে হয়েছে বিষয়টা তেমন না, ওকেই (দিশা) বেশি যুদ্ধ করতে হয়েছে।  পূর্বে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল।  কোনোভাবেই যোগাযোগ করতে পারত না।  আমিও কনফিউশনে ছিলাম।  আমার অতীত নিয়ে বিশ্বাসযোগ্যতার একটা বিষয় ছিল।  তাই আমিও বুঝতেছিলাম না প্ল্যানটা কী?  শেষমেশ প্ল্যান হলো, সব কিছু ছেড়েছুড়ে সে আমার কাছে চলে আসবে।’

‘দিশাকে ওকে সব ছাড়তে হয়েছে।  বেসিক্যালি যুদ্ধটা ও করেছে।  ওর লাইফে এমন কিছু নেই যে ও ছেড়ে আসেনি।  শুধু আমি কেন, কেউই ওকে প্রোপার ট্রিটমেন্ট দেওয়ার যোগ্যতা রাখে না।  তার পরেও সব কিছু ছেড়ে আসছে, এটার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না’, যোগ করেন সালমান।

দিশাকেই কেন বিয়ে করেছেন?  এই প্রশ্নের জবাবে সালমান বলেন, ভালোবাসাটা আসলেই দুর্লভ। কারণ মানুষ ভালোবাসার নাম দিয়ে যেসব চায়, ওসব পেলেই ফুরায় যায়। আসলে ভালোবাসাটা যাকে বলে সেটা অফুরন্ত ছিল আমার কাছে।  সেটা অনেক পেয়েছি।  কিন্তু এই মেয়েটার মধ্যে এমন কিছু না কিছু অবশ্যই আছে, যার ফলে আমি তাকে বিয়ে করেছি।  কারণ আমার ওই ভয়টা লাগেনি যে আমার আরো দরকার।  পৃথিবীতে একটা মাত্র মানুষ যে আমাকে স্বার্থহীনভাবে ভালোবেসেছে সে দিশা।

পুরো সাক্ষাৎকারের সময় স্বামীর সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন দিশা।  ক্যামেরার সামনে একে অন্যের সঙ্গে ভালোবাসার নানা চিহ্ন ও চিত্র এঁকে দেন রিল লাইফের এ জুটি।

সাক্ষাৎকারের একপর্যায়ে সালমানকে থামিয়ে দিশা বলেন, বিয়ের পর অনেক ভালো সময় কাটছে।  সে অনেক কেয়ারিং, আমার অনেক খেয়াল রাখে। বাসায় বাচ্চাদের সঙ্গে অনেক মজা করে, আনন্দ করে।  আমি এটা খুবই ভালোবাসি।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল দিশা ইসলামকে বিয়ে করেন সালমান মুক্তাদির।  খবরটি চলতি মাসের ২ তারিখে জানান সালমান। ওই সময় ফেসবুকে বিয়ের ছবিও পোস্ট করেছিলেন তিনি।  এর আগে বিভিন্নজনের সঙ্গে নাম জড়িয়েছে সালমান মুক্তাদিরের।  কিন্তু কোনো নারীতেই আটকা পড়েননি তিনি।  অবশেষে দিশা ইসলামের সঙ্গে থিতু হলেন সালমান।  সালমানের প্রথম হলেও দিশার এটি দ্বিতীয় বিয়ে।  দুই সন্তানের জননী দিশা আরজে তাজের বড় বোন।