কেঁদে ফেললেন জনি ডেপ

অবশেষে পর্দা উঠলো ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের।  চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ এই উতসবের উদ্বোধনীর রাতেই প্রদর্শিত হয়েছে হলিউডের আলোচিত অভিনেতা জনি ডেপ অভিনীত ‘জ্যাঁ দো বাঘি’ চলচ্চিত্রটি।  আর বহুদিন পর কান-এ ফিরেই বাজিমাত করেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা।  উৎসবে নিজের সিনেমার জন্য সাত মিনিটের ‘স্ট্যান্ডিং অভেশন’ পেয়েছেন জনি ডেপ! খবর ভ্যারাইটি’র।

কান চলচ্চিত্র উৎসবের হাজারো দর্শক, অভিনেতা ও জুরিদের সামনে এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জনি ডেপ।  সবাই যখন তাকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিল, এসময় তাকে চোখ মুছতে দেখা যায় এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে সাড়া দেন তিনি।

২০২২ সালে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের তোলা পারিবারিক নির্যাতনের অভিযোগের জেরে গত বছর একাধিক আইনি জটিলতার সম্মুখীন হয়েছিলেন জনি ডেপ।  লম্বা একটা সময় আদালতেও কাটিয়েছেন অভিনেতা।  প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল হলিউডে তার ভবিষ্যৎও।

অবশেষে যদিও সেই মামলা জিতেছেন জনি ডেপ।  ফিরেছেন নিজের স্বাভাবিক জীবনযাপনে। ফিরেছেন অভিনয়ে। আইনি ঝামেলা কাটিয়ে চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রত্যাবর্তন করেছেন জনি।

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের সূচনা হলো তারই ছবির প্রদর্শনের মাধ্যমে। ‘জেন ডু ব্যারি’ ছবিতে জনির অভিনয়ে মুগ্ধ দর্শক ও সমালোচক।  উঠে দাঁড়িয়ে ৭ মিনিট ধরে করতালির মাধ্যমে তারকাকে সম্মান জানালেন তারা।  দর্শকের এই ভালবাসা পেয়ে আপ্লুত অভিনেতা।

এই সম্মান পেয়ে প্রেক্ষাগৃহে বসেই কেঁদে ফেললেন তিনি।  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল জনির সেই আবেগঘন মুহূর্তের ভিডিও।  ভাইরাল হওয়া ওই ভিডিওতে মন্তব্য করেছেন অভিনেতার অসংখ্য অনুরাগী।  নিজেদের প্রিয় তারকাকে ফের পর্দায় দেখে মুগ্ধ তারাও।

‘জেন ডু ব্যারি’ ছবিতে রাজা লুই হিসেবে অভিনয় করে প্রশংসা পেয়েছেন জনি।  জানা গেছে, দীর্ঘ দিন পর পরিচালনায় হাত দিচ্ছেন তিনি।  তৈরি করছেন ইটালিয়ান শিল্পী আমেদিও মোদিগিলানির জীবনীচিত্র।  আর তার নাম দিয়েছেন ‘মোদি’।