জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক গুরুতর অসুস্থ। ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ। জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম সেরা এই খেলোয়াড়ের সুস্থতার জন্য ক্রীড়া বিশ্বকে প্রার্থনার আকুতি জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।
৪৯ বছর বয়সী স্ট্রিক ৬৫ টেস্ট ও ১৮৯ ওয়ানডে খেলেছেন। ২০১৬ সালের শেষ দিকে জিম্বাবুয়ের প্রধান কোচ হওয়ার আগে দুই বছর বাংলাদেশের বোলারদের কোচ ছিলেন তিনি।
জোহানেসবার্গের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় লন্ডন থেকে তার পরিবার রওনা হয়েছে।
দেশের ক্রীড়ামন্ত্রী টুইটারে লিখেছেন, ‘হিথ স্ট্রিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মনে হচ্ছে এখন কেবল মিরাকলই পারে তাকে বাঁচাতে। তার জন্য প্রার্থনা করুন।’
স্ট্রিকের কাছের বন্ধু ও বর্তমান জিম্বাবুয়ান ক্রিকেটার শন উইলিয়ামস জানান, কোলন ও লিভারের ক্যানসারের শেষ ধাপে সাবেক অধিনায়ক। এই মুহূর্তে তার পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন উইলিয়ামস। জিম্বাবুয়ান ক্রিকেটারদের মধ্যে সবার আগে স্ট্রিক ১০০ উইকেট নেন।