পাকিস্তানের কাছে সিরিজ হারালো যুবারা

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।  তবে তৃতীয় ওয়ানডে জিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশের যুবারা।  কিন্তু শনিবার (১৩ মে) চতুর্থ ম্যাচে ৮ উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা।

এদিন ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।  ওপেনার আদিল বিন সিদ্দিক (৪) ও মাজহারুল ইসলাম (৯) ব্যর্থ হয়ে ফিরে যান।  তিনে নামা জিশান আলম (১৩) রান করে আউট হন।  এরপর চারে নামা আরিফুল ইসলাম ও আহরার আমিন জুটি গড়ে দলকে ভরসা দেন।  আরিফুল খেলেন ৯৫ বলে ৫০ রানের ইনিংস।  আহরার আমিন ২৭ রানের ইনিংস খেলেন।

পরে মিডল অর্ডারের আরও দুই ব্যাটার সেট হয়ে সাজঘরে ফিরে যান।  মাহফুজ রাব্বি ৫৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন।  শেখ পারভিন ৩২ বলে খেলেন ৩০ রানের ইনিংস।  শেষপর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৬.৪ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায়।

জবাব দিতে নেমে শাহজিব খানের সেঞ্চুরিতে ৩৭তম ওভারেই জয় তুলে নেয় পাকিস্তান যুবারা।  ওপেনার শাহজিব ১০৫ বলে খেলেন ১০৫ রানের ইনিংস।  তার ব্যাট থেকে ১৪টি চার ও তিনটি ছক্কা আসে।  অন্য ওপেনার আজান আওয়াইস ৯১ বলে ৫২ রান করেন।