ক্লাবের‘অনুমতি’ না নিয়ে সৌদি আরব সফরে গিয়েছিলেন লিওনেল মেসি। তারই শাস্তি হিসেবে আর্জেন্টাইন সুপারস্টারকে দুই সপ্তাহ নিষিদ্ধ করে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।
এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা গোটা বিশ্বজুড়ে। পিএসজিও তাতে নড়েচড়ে বসে। তারই প্রতিফলন ক্লাবটির নতুন সিদ্ধান্তে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে মেসির। শনিবার (১৩ মে) পিএসজির জার্সিতে নামছেন তিনি।
শুক্রবার (১২ মে) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তোফে গালতিয়ের। তিনি জানিয়েছেন, অ্যাজাসিওর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে শুরু থেকেই মাঠে থাকবেন মেসি।
সৌদি আরবের পর্যটনদূত মেসি। সেই কাজেরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়েছিলেন তিনি। তবে ক্লাবের কারও কাছ থেকে অনুমতি নিয়ে যাননি। যে কারণে তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় ফরাসি ক্লাবটি।
মেসি যদিও ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে নেন। তারপরও ফরাসি ক্লাবটির সমর্থকরা পার্ক ডু প্রিন্সেসের সামনে গিয়ে বিক্ষোভ করে। এই ইস্যুতে ব্যাপক সমালোচনা হয় পিএসজির। বিষয়টি হয়তো ফরাসি ক্লাবটি টের পেয়েছে। সেকারণেই গত সোমবার ( ৮ মে) অনুশীলনে ফেরার অনুমতি দেওয়া হয় মেসিকে।
আর এখন জানা গেল, শনিবার (১৩ মে) মাঠে নামতে যাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। পিএসজি কোচ গালতিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এভাবে, ‘বৃহস্পতিবার আমি মেসির সঙ্গে কথা বলেছি। ও বদ্ধপরিকর ও অনুপ্রাণিত। আরও একটি শিরোপা জিততে চায় সে। হ্যাঁ, আগামীকাল (শনিবার) ও শুরু থেকেই মাঠে থাকবে।’
তার মানে, মেসির দুই সপ্তাহের শাস্তি এক সপ্তাহেই শেষ হয়ে গেল। তাতে কি মেসির মন গলবে? কারণ চলতি মৌসুম শেষেই মেসির প্যারিস ছাড়ার জোর গুঞ্জন চলছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরবের নাম। মধ্যপ্রাচ্যের দেশটির ক্লাব আল হিলাল নাকি বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।