দুই সপ্তাহের জামিন পেলেন পিটিআই প্রধান ইমরান খান

আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পেলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার (১২ মে) হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এসময় পিটিআই প্রধানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত। খবর দ্য ডনের

এর আগে, শুক্রবার সকালে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) দুই নম্বর কোর্টরুমে প্রায় এক ঘণ্টা বিলম্বের পর শুনানি শুরু হয়। তবে আদালত কক্ষে ইমরানের পক্ষে স্লোগান শুরু হতেই নামাজের বিরতি দিয়ে বেরিয়ে যান বিচারপতিরা।

পরে জুমার নামাজের বিরতির জন্য শুনানি মুলতবি করা হয়। স্থানীয় সময় দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) ফের শুরু হয় শুনানি।

এর আগে, বিরাট গাড়িবহরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান পিটিআই প্রধান ইমরান খান। সেখানে আগে থেকেই মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ ও রেঞ্জার্স।

ইমরান খানের আইনজীবী ফয়সাল হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, আমরা আশাবাদী, হাইকোর্ট জামিন দেবে।

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ বলে আখ্যায়িত করেন।

এদিন আদালত কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিটিআই প্রধান জানান, গ্রেপ্তারের পরে ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা ল্যান্ডফোনের মাধ্যমে স্ত্রীর সঙ্গে তাকে কথার বলার অনুমতি দিয়েছিলেন।

গ্রেপ্তার হবেন ভেবেছিলেন কি না এমন এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আমি শতভাগ নিশ্চিত ছিলাম, আমাকে গ্রেপ্তার করা হবে।