সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেছেন। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে ইমরানকে গ্রেফতার করার পর বিক্ষোভের ডাক দেয় দলটি।
পিটিআই কর্মীরা ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশাওয়ার ও মারদানে বিক্ষোভে যোগ দিচ্ছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, লাহোর ক্যান্টনমেন্ট এলাকায় সামরিক কর্মকর্তাদের বাসভবনে ঢুকে পড়ছেন পিটিআই সমর্থকরা। টুইটারে সাংবাদিক মুর্তজা আলি শাহ এই তথ্য জানিয়েছেন।
এদিকে ইমরান খানকে গ্রেফতারের পর রাজধানীতে ১৪৪ ধারা জারি করেছে ইসলামাবাদ পুলিশ। পিটিআই নেতারা সাবেক প্রধানমন্ত্রীকে নির্যাতনের অভিযোগ আনলেও পুলিশ তা অস্বীকার করেছে।
পুলিশ প্রধান হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক। তবে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অপরিদিকে পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহবান জানিয়েছেন। দলের টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ইমরান খানের প্রতি সংহতি জানাতে জনগণের প্রতি আহবান জানান তিনি।