এবার টেক্সাসে গাড়িচাপায় নিহত ৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শপিং মলে বন্দুক সহিংসতার ক্ষত না শুকাতেই আরও একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। টেক্সাসের ব্রাউনসভিলতে এবার গাড়িচাপায় ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল ৮টার দিকে মেক্সিকো সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।

সোমবার (৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মেক্সিকো সীমান্তবর্তী ব্রাউনসভিল শহরের একটি বাস স্টপেজে গাড়িচাপায় সাতজন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের কাছেই গৃহহীন এবং অভিবাসীদের জন্য একটি আশ্রয় কেন্দ্র রয়েছে।

বিবিসি বলছে, গাড়িচাপার এই ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অভিযুক্ত চালককে আটক করে মামলা দায়ের করা হয়েছে। ব্রাউনসভিল পুলিশ বলছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কিনা তা স্পষ্ট নয়।

এর আগে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছিল, গাড়িচাপার এই ঘটনাকে একটি ইচ্ছাকৃত হামলা বলে মনে হচ্ছে।
পার্শ্ববর্তী বিশপ এনরিক সান পেদ্রো ওজানাম সেন্টারের পরিচালক ভিক্টর মালডোনাডো বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার পুরুষ।

ব্রাউনসভিল পুলিশ বলেছে, গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তিদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছেন কি না তা এখনো স্পষ্ট নয়।

তবে কোনো কোনো মার্কিন গণমাধ্যম পুলিশকে উদ্ধৃত করে বলেছে, গাড়িচালক ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নজরদারি ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি বেপরোয়া গতিতে বাস স্টপের দিকে আসছিল। এরপরই তাদের ওপর উঠে যায়। নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা ওই বাস স্টপ থেকে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে বা শহরে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন।

মার্কিন সীমান্ত সুরক্ষা কর্মকর্তাদের মতে, ব্রাউনসভিল শহরে সম্প্রতি অবৈধ অভিবাসীদের আগমন ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে দেখা গেছে। মালডোনাডো স্থানীয় মিডিয়াকেও বলেছেন, গত দুই মাসে ওজানাম সেন্টার নামের ওই আশ্রয়কেন্দ্রে যেখানে ২৫০ জন লোক থাকতে পারে, সেখানে প্রতিদিন ৩৮০ জন লোককে পরিচালনা করতে হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় ব্রাউনসভিলের কর্মকর্তারা গত মাসে ‘বিপর্যয় ঘোষণা’ করে। পরে টেক্সাসের অন্যান্য সীমান্ত শহরও তা অনুসরণ করে।

এর আগে গত শনিবার টেক্সাসের ডালাসের কাছে একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হন। পরে সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে মারা গেছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।