রাজা চার্লসের বর্ণিল অভিষেক মাথায় উঠছে রাজমুকুট

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলার আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে  শনিবার (৬ মে)। ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে রাজমুকুট মাথায় পরবেন রাজা তৃতীয় চার্লস। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজকীয় অভিষেক হবে।

এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। রাজার অভিষেক উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে। দেশ-বিদেশের প্রায় দুই আমন্ত্রিত হাজার অতিথির সামনে রাজমুকুট পরবেন ৭৪ বছর বয়সী রাজা চার্লস।

ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে সিংহাসনে বসতে চলেছেন রাজা চার্লস। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন চার্লস। দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনে আসীন ছিলেন রানী এলিজাবেথ।

অভিষেক অনুষ্ঠানে দুই হাজারের মতো অতিথি উপস্থিত থাকছেন। অবশ্য ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকে অতিথি ছিলেন আট হাজার। রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে অনেক বিশ্বনেতা উপস্থিত থাকছেন। আবার রাজপরিবারেরই অনেক সদস্য থাকছেন না।

যে মুকুট পরে অভিষেক হবে রাজা চার্লসের

শতবর্ষের পুরনো রীতি অনুযায়ী অভিষেক অনুষ্ঠানে সেইন্ট এডওয়ার্ডের ঐতিহাসিক রাজমুকুট রাজা তৃতীয় চার্লসের মাথায় পরিয়ে দেয়া হবে। টাওয়ার অব লন্ডনের বাইরে আনা হয়না এ সোনার মুকুট। রাজা এক ঘণ্টার কম সময় এটি পরে থাকবেন, এবং পরবর্তী সম্রাটের অভিষেকের আগে আর তা দেখা যাবে না।

যদিও রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই রাজা হয়েছিলেন চার্লস, কিন্তু অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে মূলত প্রতীকীভাবে তার রাজত্বকাল শুরু হবে। এবং এ সময়ই সেইন্ট এডওয়ার্ডের অমূল্য রাজমুকুট জনসমক্ষে এক ঝলক দেখার বিরল সুযোগ ঘটবে। ২২ ক্যারেট স্বর্ণের তৈরি, ৩৬০ বছরের পুরনো এ রাজমুকুট লম্বায় ৩০ সেমি বা এক ফুট, এবং এর ওজন প্রায় ৫ পাউন্ড বা সোয়া দুই কেজি। সেইন্ট এডওয়ার্ডের এই রাজমুকুট সর্বশেষ পরেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ, ১৯৫৩ সালে তার অভিষেকের সময়। তারপরের ৭০ বছরে এ মুকুট টাওয়ার অব লন্ডন থেকে খুব একটা বাইরে যায়নি।

এ মুকুটে ৪৪৪টি রত্ন রয়েছে, যার মধ্যে আছে বহুমূল্য স্যাফায়ার, রুবি, অ্যামেথিস্ট এবং টোপাজ। এদের বেশিরভাগই হালকা নীল বা নীলচে সবুজ রংয়ের। এনামেল ও স্বর্ণের খোপে বসানো হয়েছে এসব রতœ। এক সময় মুকুটের এসব রত্ন খুলে আলাদা করা যেত এবং অভিষেকের সময় সেগুলো নতুন করে বসানো হত। কুড়ি শতকেই এসব রত্ন মুকুটে স্থায়ীভাবে বসিয়ে দেয়া হয়।

কারা থাকছেন রাজা চার্লসের অভিষেকে
বিশ্বনেতাদের মধ্যে রাজা চার্লসের অভিষেকে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং প্রমুখ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকবেন। অন্য রাজপরিবারগুলোর মধ্যে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়া, যুবরাজ ফ্রেদেরিক এবং ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস মেরিসহ বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

কারা থাকছেন না
রাজা তৃতীয় চার্লসের অভিষেকে থাকছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠানে তাঁর প্রতিনিধিত্ব করবেন স্ত্রী জিল বাইডেন। অভিষেকে উপস্থিত না থাকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সন্তানদের নিয়ে থাকবেন। অবশ্য কয়েক মাসের দর-কষাকষির পর অনুষ্ঠানে থাকতে রাজি হয়েছেন প্রিন্স হ্যারি।

১৫ দেশের রাজা হচ্ছেন তৃতীয় চার্লস, কিন্তু কত দিন
ব্রিটিশ সিংহাসনে বসার পর চার্লস কেবল যুক্তরাজ্যই নয়, বরং আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথভুক্ত আরও ১৪টি দেশের রাজা হবেন। এই দেশগুলো হচ্ছে- অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রেলিয়া, ব্রাহামাস, বেলিজ, কানাডা, গ্রেনাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইনস, টুভালু।

কিন্তু কত দিন চার্লস এসব দেশের রাজা বা রাষ্ট্রপ্রধান থাকতে পারবেন সেটি একটি প্রশ্ন। কারণ কমনওয়েলথের বেশিরভাগ দেশেই এখন প্রজাতন্ত্রের পথে হাঁটা উচিত কিনা তা নিয়ে বিতর্ক মূর্তমান হয়ে উঠেছে। যদিও দেশভেদে এ এর তারতম্য আছে।

কতটা ধনী রাজা তৃতীয় চার্লস
এদিকে রাজা-রানির কথা মনে হলে আমাদের মাথায় আসে কাড়ি কাড়ি অর্থ, ধন-সম্পত্তির কথা। জানা যাক রাজা তৃতীয় চার্লসের অবস্থান এদিক দিয়ে কেমন। ১৯৯০ সালে অর্গানিক বিস্কুটের ব্যবসা শুরু করেন রাজা তৃতীয় চার্লস। এরপর অন্যান্য পণ্যও উৎপাদন শুরু করেন তিনি। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, চার্লসের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য শুধুমাত্র বিট্রিশ সুপারমার্কেট ওয়েটরোজে বিক্রি করা হয়।

এই ব্র্যান্ডটি জানিয়েছে তারা ৪ মিলিয়ন ডলারের বেশি লাভ করেছে। যা সাবেক প্রিন্স অব ওয়েলসের দাতব্য সংস্থায় দান করা হয়। ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী হিসেবে চার্লসের কর্নওয়েলের জমিদারির নিয়ন্ত্রণ আছে, এসব সম্পত্তির মূল্য প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। পুরো ইংল্যান্ডজুড়ে ১ লাখ ৩০ হাজার একর জায়গাজুড়ে তার জমিদারি রয়েছে। ওয়ালস্ট্রিট জানিয়েছে, ২০১২ সালের পর চার্লসের এসব সম্পত্তির দাম ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ২০২২ সালে ভাড়া হিসেবে এই জমিদারি থেকে ২৮ দশমিক ৩ মিলিয়ন ডলার আয় করেছিলেন তিনি।