বছর নয়, তিন মাস অন্তর প্রকাশ হবে জিডিপি প্রবৃদ্ধি

বর্তমানে এক বছর পর প্রকাশ হয় দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য। তবে বিশ্বের উন্নত দেশগুলো বছরে চারবার অর্থাৎ তিন মাস পর জিডিপি প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও চলতি (২০২২-২৩) অর্থবছরের চতুর্থ কোয়ার্টারের ত্রৈমাসিক জিডিপি আগামী জুন মাসে প্রকাশ করা হবে।

এ লক্ষ্যে ত্রৈমাসিক জিডিপি (২০১৫-১৬ থেকে ২০২১-২২ অর্থবছর) প্রাক্কলন শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।  বুধবার (৩ মে) রাজধানীর বিবিএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমান।

কর্মশালায় উপস্থিত ছিলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক অর্থনীতি অনুবিভাগ) রেহানা পারভীন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাকসেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) আহাম্মদ উল্যাহ প্রমুখ।

একটি দেশ অর্থনৈতিকভাবে কতটা উন্নতি করছে তার প্রধান নিয়ামক অর্থনৈতিক প্রবৃদ্ধি। সহজ ভাষায় বলতে গেলে অর্থনীতিতে প্রবৃদ্ধি বলতে মোট দেশজ উৎপাদন কতটা বেড়েছে তার শতকরা মানকে বোঝায়। বছর ভিত্তিক প্রবৃদ্ধি হিসাবের সময় বছরের পণ্য ও সেবার মূল্যমান চলতি মূল্যে ধরা হয়। এখন এটা তিন মাস অন্তর প্রকাশ করা হবে।

বিবিএস জানায়, বর্তমানে জিডিপির ভিত্তিবছর ২০০৫-০৬ থেকে ২০২৫-১৬ তে পরিবর্তনে কাজ শেষ হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে বার্ষিক জিডিপি প্রাক্কলন ও প্রকাশ করা হচ্ছে। নতুন ভিত্তিবছরের জিডিপি প্রাক্কলনের জন্য বিবিএস দেশের অর্থনীতির ১৯টি খাতের মূল্য সংযোজন প্রাক্কলন করে থাকে।

বাংলাদেশ সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পর্যায়ে বিবিএস বার্ষিক জিডিপি প্রাক্কলনের পাশাপাশি ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে বিবিএস আইএমএফের কারিগরি সহায়তায় আন্তর্জাতিক দিকনির্দেশনা মেনে ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত সময়ের ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের কাজ শেষ করেছে।