সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি এলাকায় একটি অবৈধ বালাইনাশক কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিভাগ। অভিযানে নকল বালাইনাশক উৎপাদন, বিপণন এবং ক্রেতা প্রতারণার দায়ে রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর দুপুর ১:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানি দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই বহুতি এলাকায় কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাতকরণ, পণ্যের মোড়কের লেবেলে ব্যাপক অসংগতি, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা সাধারণ ক্রেতা ও কৃষকদের প্রতারিত করা এবং কৃষি বিভাগের কোনো প্রকার বৈধ লাইসেন্স বা অনুমোদন না থাকাসহ নানা গুরুতর অনিয়মের প্রমাণ মেলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হোসেন প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করেন এবং কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষকের মেরুদণ্ড ভেঙে দিতে একশ্রেণীর অসাধু চক্র এই ধরনের নকল ও অনুমোদনহীন কীটনাশক বাজারে ছাড়ছে। নকল বালাইনাশকের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন জনস্বার্থমূলক ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, কৃষি বিভাগের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।