স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি। স্বামী তৌফীক নাওয়াজের মৃত্যুতে তাকে প্যারোলে মুক্তি দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়া হয়েছে।
বিষয়টি জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন নিয়ে বুধবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ কারাগারে পৌঁছান দীপু মনির আইনজীবী ও তার স্বজনরা। পরে দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর কাছে। বেলা সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আবেদনটি গৃহীত হয়।
দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, ‘দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গতকাল রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রী দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন। তার ৪ দিনের মুক্তির জন্য আমরা আবেদন করেছিলাম। স্থানীয় প্রশাসন ১২ ঘণ্টার জন্য মুক্তি দিয়েছে।’
তিনি বলেন, ‘কারাবিধি অনুযায়ী আরও বেশি সময় মুক্তি দেয়া যেত। তবে আমরা এ সিদ্ধান্তে সন্তুষ্ট।’
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, প্যারোলে মুক্তির আবেদন যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।