চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। নারী চালক ও সহকারী দিয়ে পরিচালিত এ সেবায় প্রাথমিকভাবে একটি দোতলা ও একটি একতলা গোলাপি বাস চলবে। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি।
মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো থেকে ভার্চ্যুয়ালি এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র প্রান্ত থেকে অনুষ্ঠানে যুক্ত হন অতিথিরা। পরে বেলুন উড়িয়ে চট্টগ্রামে বাস দুটির আনুষ্ঠানিক চলাচল শুরু করা হয়।
বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কাপ্তাই রাস্তার মাথা ও নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা হয়ে ফ্রি পোর্ট ও পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। প্রায় ২২ থেকে ২৫ কিলোমিটারের এ পথে রয়েছে ১২টি নির্ধারিত স্টপেজ। দূরত্ব অনুযায়ী ভাড়া ১০ থেকে সর্বোচ্চ ৬৮ টাকা।
প্রতিদিন সকাল সাড়ে ৭টায় কালুরঘাট থেকে প্রথম বাস ছাড়বে। এর আধঘণ্টা পর দ্বিতীয় বাসটি যাত্রা শুরু করবে। বাস দুটির চালক ও সহকারী নারী। যাত্রী হিসেবেও শুধু নারীরা এ সেবা নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চট্টগ্রামের বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানে হাজারো নারী কাজ করেন। তাঁদের নিরাপদে কর্মস্থলে যাতায়াত ও বাড়ি ফেরার সুবিধা নিশ্চিত করতে এ বিশেষ বাসসেবা চালু করা হয়েছে।
তিনি বলেন, বাসের চালক ও কন্ডাক্টরও নারী হওয়ায় নারী যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও হয়রানিমুক্ত পরিবেশে যাতায়াত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসক জানান, যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যা ও চলাচলের পথ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সরকার ৪০০টি নতুন বৈদ্যুতিক বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১০০টি নারীদের জন্য নির্ধারণ করা হয়েছে। এসব বাস পাওয়া গেলে চট্টগ্রামেও মহিলা বাস সার্ভিস আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।
নারীদের বাসসেবা ব্যবহারে উৎসাহিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। একই সঙ্গে শিল্পকারখানার মালিকদের নারী কর্মীদের এ নিরাপদ পরিবহনসেবা গ্রহণে উৎসাহিত করার অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বক্তব্য দেন। এ সময় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।