সলিমপুরে প্রস্তাবিত সড়ক নিয়ে সরেজমিনে চউক চেয়ারম্যান, বিকল্প রুটের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সরকারের উদ্যোগে চারটি প্রধান সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ভাটিয়ারি পর্যন্ত প্রস্তাবিত সংযোগ সড়কের সম্ভাব্য রুট নিয়ে স্থানীয়দের উদ্বেগের পর সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জলিল।

মঙ্গলবার (২১ জুলাই) তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তাবিত সড়ক এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চউকের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামস, এবং সিডিএ সলিমপুর আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

চউক সূত্রে জানা যায়, বর্তমান প্রস্তাবিত সড়কটি বাস্তবায়িত হলে সিডিএ সলিমপুর আবাসিক এলাকার ভেতরে তিন থেকে চারটি টার্নিং পড়বে। এতে আবাসিক প্রকল্পের পরিকল্পিত বিন্যাস, পরিবেশ এবং বাসিন্দাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে চউক মাস্টারপ্ল্যানে নির্ধারিত খালপাড় ঘেঁষে বিকল্প রুটে সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে। সংস্থাটির মতে, এ বিকল্প রুট বাস্তবায়িত হলে একদিকে জঙ্গল সলিমপুর এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, অন্যদিকে আবাসিক এলাকার প্লট মালিকদের স্বার্থও সংরক্ষিত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিদ্যমান পরিকল্পনা এবং চউকের প্রস্তাবিত বিকল্প রুট—উভয়ের কারিগরি, অর্থনৈতিক ও বাস্তবসম্মত দিক পর্যালোচনা করে অধিক ব্যয়-সাশ্রয়ী ও কার্যকর পরিকল্পনাই চূড়ান্ত করা হবে। পাশাপাশি পরিকল্পনা ও বাস্তবায়নের প্রতিটি ধাপে চউককে সম্পৃক্ত রেখে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।