চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। এরই অংশ হিসেবে গতকাল শনিবার ঈদযাত্রার প্রস্তুতি পর্যবেক্ষণে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) প্রকৌশলী মো. সবুজগীর।

পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবা, টিকিট ব্যবস্থা, নিরাপত্তা ও ট্রেন চলাচলের পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মহাব্যবস্থাপক স্টেশনে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে ঈদযাত্রা ঘিরে তাদের মতামত ও অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন। যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ, ট্রেনের সময়ানুবর্তিতা এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, ঈদযাত্রা উপলক্ষে পূর্বাঞ্চলে মোট ১৬ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এর মধ্যে ঢাকা, কক্সবাজার, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটের ট্রেনগুলোতে যাত্রীচাপ তুলনামূলক বেশি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে অনলাইন টিকিট ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সার্ভার সচল রাখতে প্রযুক্তিগত নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্টেশন কাউন্টারেও সীমিতসংখ্যক টিকিট বিক্রি করা হচ্ছে।

মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সবুজগীর বলেন,
“ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে রেলওয়ে পূর্বাঞ্চল সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। যাত্রীসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বদা সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”