ডেনমার্কে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

আফগান যুদ্ধে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে ডেনমার্ক। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন, যুদ্ধে ন্যাটোর ইউরোপীয় মিত্ররা সম্মুখ সমরে ছিল না। এমন মন্তব্যকে অপমানজনক উল্লেখ করে কোপেনহেগেনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন শত শত সেনা ও সাধারণ মানুষ।
৯/১১ হামলার পর আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তখন ন্যাটো চুক্তির ৫নং ধারা কার্যকর হলে আফগান যুদ্ধে সেনা পাঠায় যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররাও। ডেনমার্কও ছিল যুদ্ধের অন্যতম প্রধান সামরিক মিত্র। এতে প্রাণ হারায় অন্তত ৪৪ জন ডেনিশ সেনা।

বিক্ষোভে অংশ নেওয়া অনেক সাবেক সেনা ন্যাটো মিশনে পাওয়া পদক পরে মিছিল করেন। মার্কিন দূতাবাসের সামনে যুদ্ধে নিহত সেনাদের নাম খচিত ডেনিশ পতাকা স্থাপন করা হয়। আফগানিস্তানে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত ডেনিশ লেফটেন্যান্ট কর্নেল নিলস ক্রিশ্চিয়ান কোফোড এসময় ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এই প্রতিটি পতাকার পেছনে একজন মানুষ, একজন তরুণ সেনা রয়েছে—এই আত্মত্যাগকে অস্বীকার করা যায় না।’

এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্কারোপের হুমকি থেকে সরে এসেছেন এবং শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে সম্ভাব্য চুক্তির ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে ন্যাটোর সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য এই চুক্তি নিয়ে তারা এখনও স্পষ্ট কোনো নির্দেশনা পাননি।