চিত্রনায়িকা মাহি ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।  গেল বছর ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা।  গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে মাহির রেস্টুরেন্ট, নাম ফারিশতা।

রমজানের প্রথম দিন শুক্রবার নিজের ফেসবুক থেকে ফারিশতার সামনে থেকে লাইভে আসেন মাহি।  ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্ট ফারিশতায় ইফতার বিক্রির দৃশ্য। এসময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও।  ইফতার বিক্রির সময় রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি বিভিন্ন আইটেম ও ইফতার বানানো দেখান।  এ সময় স্বামী রাকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, এবার তুমি কিছু বলো।

রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার এসময় বলেন, গত বছরের মতো এবছরও আমরা ইফতার সামগ্রি নিয়ে এসেছি।  ফারিশতায় আছে সব সুস্বাদু খাবার, এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।

নায়িকা মাহি সন্তান সম্ভবা হওয়ায় আপাতত সিনেমা থেকে দূরে আছেন।  গেল সপ্তাহেই ওমরাহ পালন করে এসেছেন তিনি।  দেশে আসার পরই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছিল এই অভিনেত্রীকে।  যদিও গ্রেফতারের দিনই জামিনে মুক্ত হন মাহি।  সেই আলোচনা শেষ হতে না হতেই এবার ইফতার বিক্রি করতে দেখা গেল মাহিকে।

উল্লেখ্য অভিনয়ের পাশাপাশি ২০২২ সাল থেকে মাহি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন।