৫ ছাত্রীকে সাময়িক বহিষ্কার ও হল প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছা্ত্রী নির্যাতন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িত ছাত্রলীগের সহ-সভাপতি অন্তরাসহ পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কারের আদেশ দিয়েছেন হাইকোর্ট।  একইসঙ্গে হলের প্রভোস্ট ড. শামসুল আলমকে অবিলম্বে প্রত্যাহার করতে বলা হয়েছে।  পাশাপাশি তাদের ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে।  সেই সঙ্গে ইবির হলগুলোর সিসিটিভি মনিটরিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাঁচ ছাত্রী হলেন ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম, আইন বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের শিক্ষার্থী হালিমা আক্তার ঊর্মি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মুয়াবিয়া জাহান।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (১ মার্চ) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।

আদেশের সময় আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্যে বলেন, আমরা বিষয়টি মনিটরিংয়ে রাখবো।  আপনিও এ বিষয়ে খেয়াল রাখবেন।  কোনো সমস্যার উদ্ভব হলে আদালতকে জানাবেন।  তখন আমরা প্রয়োজনীয় আদেশ দেবো।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী গাজী মো. মহসীন।  তার সঙ্গে ছিলেন আজগর হোসাইন তুহিন।  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।  ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

হাইকোর্ট বলেছেন, সাময়িক বহিষ্কৃত পাঁচজন কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারবেন না।  এ ছাড়া নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপরী খাতুনকে তিনদিনের মধ্যে তার পছন্দমতো হলে আবাসিকতা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

দুটি প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের কাছে সিলগালা করে পাঠানোর আদেশ দিয়ে প্রতিবেদনের ভিত্তিতে জড়িত শিক্ষার্থী, অবহেলা করা হল প্রশাসনসহ অন্যদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুসারে ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত ৫ ছাত্রীকে সব শিক্ষা কার্যক্রম বন্ধ ও ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে।

এছাড়া ঘটনার সময় নির্যাতিত ছাত্র ফুলপরীর ভিডিও করা চারুকলা বিভাগ ২০২০-২১ সেশনের শিক্ষার্থী হালিমা আক্তার ঊর্মির মোবাইল ফোন সংগ্রহ করে ধারণ করা ভিডিও আদালতে দাখিল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি নির্ভয়ে স্বাভাবিক শিক্ষাজীবন চালিয়ে নিতে তিনদিনের মধ্যে হলে ফুলপরীর জন্য সিট বরাদ্দ দিতে বলা হয়েছে। আর কুষ্টিয়ার এসপি ও পাবনার এসপিসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফুলপরীর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।  ঘটনার সাক্ষীদেরও নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।  এ আদেশের বিষয়ে ৮ মে’র মধ্যে প্রতিবেদন দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।  ওইদিন পরবর্তী শুনানির জন্য রেখেছেন আদালত।

প্রসঙ্গত; গত ১২ ফেব্রুয়ারি ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে রাত সাড়ে ১১টা থেকে রাত প্রায় ৩টা পর্যন্ত শারীরিক নির্যাতনের শিকার হন প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুন।  তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী।