নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতেও নির্বাচন আসবে।  নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়- এটা এখন সর্বজনীন বিদিত।  আগামীতেও একমাত্র নৌকা মার্কার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যে নির্বাচন হবে এই বছরের শেষে বা ২০২৪-এর জানুয়ারিতে, সেখানেও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।  আপনারা ওয়াদা করেন দুই হাত তুলে নৌকায় ভোট দেবেন।  এসময় হাওড়বাসীকে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘নৌকা এটা আমাদের প্রতীক।  এই নৌকায় ভোট দিয়েছে বলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে।  এই নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে কিশোরগঞ্জের মানুষ আর অবহেলিত নেই।  আজকে এটি উন্নত জেলা হিসেবে পরিণত হয়েছে।  নৌকায় ভোট দিয়েছে বলে, আজকে দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে।’

তিনি বলেন, ‘কিশোরগঞ্জ হলো সেই জেলা, যেখান থেকে যুদ্ধের সময় যখন বঙ্গবন্ধু গ্রেফতার হয়েছিলেন তখন যে সরকার গঠন হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি ছিলেন।  আর তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী ছিলেন।  তারা তখন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন।  রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন এই কিশোরগঞ্জের।  আর এখন হামিদ ভাই, তিনিও রাষ্ট্রপতি। কাজেই আমি তো দেখি কিশোরগঞ্জ থেকে সবসময় রাষ্ট্রের প্রধান হয়ে সারা বাংলাদেশ পরিচালনা করছেন। কিশোরগঞ্জবাসী ভোট দেন, তাই সবসময় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

এরআগে সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে তিনি ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান।  এরপর মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর জায়গায় দৃশ্যমান নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।  এসময় সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান।  সেনানিবাসের আনুষ্ঠানিকতা সেরে দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক বাড়িতে যান প্রধানমন্ত্রী।  সেখানে জোহরের নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।  বিকেল সাড়ে ৩টায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।