সোনারগাঁওয়ে সহিংসতার জন্য জাতীয় পার্টিকে দায়ী করল বিএনপি

শেখ হাসিনার পদত্যাগের পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিচ্ছিন্ন সহিংসতার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের দায়ী করেছে উপজেলা বিএনপি।আজ শনিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির নেতৃস্থানীয়রা এমন দাবি করেন।

তারা বলেন, দেশের অন্য এলাকার তুলনায় সোনারগাঁওয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নেই বললেই চলে। আমরা ও আমাদের নেতাকর্মীরা সোনারগাঁও থানাসহ সকল সরকারি স্থাপনা সুরক্ষিত রাখতে পাহারা দিচ্ছি। এছাড়া স্থানীয় শিল্প প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের মন্দির এবং বাড়িঘর উপজেলা বিএনপির নেতাকর্মীরা পাহারা বসিয়ে সহিংসতার হাত থেকে রক্ষা করছে। তবে বিচ্ছিন্ন কিছু হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এগুলোর সঙ্গে বিএনপি জড়িত নয়। এগুলো করেছে জাতীয় পার্টির অতি উৎসাহী কিছু নেতাকর্মী।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমরা বিগত ১৫ বছরে কোন আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ সরকারকে পতন করতে পারিনি। কিন্তু ছাত্ররা হাসিনা সরকারকে পতন করেছে। আমরা তাদেরকে আমাদের মাথার তাজ হিসেবে রাখব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান, বিএনপি নেতা আতাউর রহমান, সফিউদ্দিন মজনু ও আবু বকর সিদ্দিক প্রমুখ।