কলকাতার সোহমের সঙ্গে জুটি বাঁধলেন পরীমণি

ঢাকাই সিনেমার গণ্ডি পেরিয়ে এবার ওপার বাংলার সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।  প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে খবরটি সংবাদবাধ্যমকে নিশ্চিত করেছেন করেছেন অভিনেত্রী নিজেই।

তিনি বলেন, ‘ফেলুবকশি’ নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।  চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে।  এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি।  এটি একটি থ্রিলার গল্পের ছবি।

পরীমণি জানান, ছবিতে তার চরিত্রের নাম লাবণ্য, রহস্যময় এক চরিত্র।  তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম।

কলকাতার সিনেমায় কাজের সুযোগ সম্পর্কে পরী বলেন, গত বছর কলকাতার আনন্দবাজার পত্রিকা তাকে বাংলাদেশের সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়।  সেই পুরস্কার সশরীর গ্রহণ করতে সেখানে গিয়েছিলেন তিনি।  তখনই সিনেমায় কাজের ব্যাপারে আলোচনা হয়।

পরীমণি জানান, আগামী সপ্তাহে এই সিনেমার কাজে কলকাতায় যাচ্ছেন তিনি।  শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন।  এর ফাঁকে কলকাতার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করবেন এই নায়িকা।