শাকিবের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সাকিব

দেশের সিনেমা ও ক্রিকেট দুই জগতের তারকা হলেন শাকিব খান ও সাকিব আল হাসান।  একজন সিনেমায় এবং অন্যজন ক্রিকেটে দর্শকদের মাতালেও এই দুজন এবার একসঙ্গে হচ্ছেন ব্যবসায়িক কারণে।

বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের করপোরেট প্রতিষ্ঠানে।

গেল জানুয়ারিতে অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক অ্যান্ড হারল্যান-এর সঙ্গে অফিশিয়াল পথচলা শুরু হয়েছে সুপারস্টার শাকিব খানের।  জনপ্রিয় এই চিত্রতারকা হয়েছেন আন্তর্জাতিক মানের এই প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম একজন ডিরেক্টর।

এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক অ্যান্ড হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।  যেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে সিনেমা ও ক্রিকেটের এই দুই সুপারস্টারকে।

উল্লেখ্য, সিনেমা ও ক্রিকেট দুই অঙ্গনে বাংলাদেশের পোস্টার বয় দুজনেই।  নিজেদের কাজ দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন তাঁরা।  শনিবারের চুক্তির মাধ্যমে শাকিব ও সাকিবের মধ্যে বিরাজমান সু-সম্পর্ক আরও চমৎকার হতে যাচ্ছে।