নব্বইয়ের দাপুটে নায়িকা শাবনূর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী অভিনয় থেকে দুরে আছেন বহুদিন। হঠাৎ গেল বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পা রাখেন শাবনুর এবং নতুন সিনেমার রিহার্সালে অংশ নেন।
তবে এর মধ্যেই খবর এসেছে- অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন শাবনূর। ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। যা শাবনুর ভক্তদের জন্য অনেকটা দুঃসংবাদ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অষ্ট্রেলিয়ার সিডনেতে বসবাস করছেন জনপ্রিয় এই নায়িকা। তবে নাড়ির টানে প্রতিবছরই দেশে আসেন। তারই ধারাবাহিকতায় গেল বছর জন্মদিনে দেশে আসেন এবং এসেই নতুন সিনেমায় কাজ করার ঘোষণা দেন তিনি।
সেসময় জানা যায়, দেশে ফিরেই নতুন সিনেমার রিহার্সালে অংশ নিয়েছেন তিনি। ‘মাতাল হওয়া’ শিরোনামে সিনেমাটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী।
এরপর প্রকাশ্যে আসে শাবনূরের আরও একটি নতুন সিনেমার খবর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’তেও অভিনয় করবেন তিনি। তাকে নিয়ে গেল ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এর মহরত। সেখানে একই নির্মাতার নতুন আরও একটি সিনেমায় অভিনয় করার কথা জানান শাবনূর।
তবে এর মধ্যেই নায়িকার একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘রঙ্গনা’র মহরতের দু’দিন পরই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন তিনি। পরিবারের ঘনিষ্ঠজন ছাড়া কাউকে বিষয়টি সেভাবে জানানো হয়নি। জরুরি কিছু কাজের জন্যই তার অস্ট্রেলিয়ায় যাওয়া। অষ্ট্রেলিয়া থেকে ফিরে অংশ নেবেন সিনেমার শুটিংয়ে।