আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আগামী ২ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন ধরা প্রেজেন্টস তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড।  এই সিজনে আজীবন সম্মাননার জন্য বেছে নেওয়া হয়েছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে।

উল্লেখ্য, এই আসরের মাধ্যমেই প্রথমবারের মতো আজীবন সম্মাননা বিভাগ যুক্ত হয়েছে।  এর মধ্যে রুনা লায়লা সম্মাননাটি নিজ হাতে গ্রহণ করার বিষয়ে সম্মতিও দিয়েছেন আয়োজকদের।

দেশের দু-একটি সম্মানজনক বেসরকারি অ্যাওয়ার্ড ছাড়া কোনটিতেই যথাযথ ভোটিং কিংবা জুরিবোর্ডের কার্যক্রম দেখা যায় না।  তবে বাইফা এবার থেকে এসব বিষয় মেনেই পুরস্কারের জন্য যোগ্য শিল্পী নির্বাচন করছে বলে জানান আয়োজকরা।

এবার বাইফাতে পপুলার ও জুরি- দুই বিভাগে মোট ৪৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।  চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ এবং আবৃত্তিতে সেরা শিল্পীদের পুরস্কৃত করা হবে।  পপুলার চয়েসের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট করা যাবে বাইফা ডট কম ওয়েবসাইটে।

বাইফা’র প্রধান শাহরিয়ার স্বপন জানান, এরইমধ্যে তিন লক্ষাধিক ভোট এসেছে বিভিন্ন বিভাগের জন্য।

আর জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা রোজিনা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, ফেরদৌস আরা, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তানভীন সুইটি, দীপা খন্দকার এবং চিত্রনাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম।