নতুনভাবে হাজির হয়েছেন ফারিণ

বর্তমানে ওটিটি কনটেন্ট ও সিনেমা নিয়ে ব্যস্ত তাসনিয়া ফারিণ।  টিভি নাটক দিয়েই পরিচিতি এবং জনপ্রিয়তা পেলেও সেভাবে এখন আর নাটকে দেখা যায় না তাকে।

কিন্তু, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আবারও নাটক নিয়ে ফিরছেন তিনি।

বিশেষ এ দিবস উপলক্ষে কয়েকটি নাটকে অভিনয় করেছেন ফারিণ।  এর একটি নির্মাতা ইমরাউল রাফাতের ‘আনারকলি’।  এতে ফারিণের সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব।

সম্প্রতি প্রকাশ পেয়েছে আনারকলি নাটকের ‘লোকাল বয়’ শিরোনামের গান।  এতে একেবারে নতুনভাবে হাজির হয়েছেন ফারিণ।  সাড়ে ৩ মিনিটের গানের পুরোটা সময় কোমর দুলিয়ে মাত করেছেন অভিনেত্রী।  এর আগে এমনভাবে দেখা যায়নি তাকে।

পরিচালক ইমরাউল রাফাতের ভাষ্য, নাটকের গল্প ও চরিত্রের প্রয়োজনে গানটি ব্যবহৃত হয়েছে।  আনারকলি নাটকে ফারিণকে দেখা যাবে ড্যান্সারের চরিত্রে।  ১২ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পাবে নাটক ‘আনারকলি’।