রাজশাহী জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাজশাহী জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনটির ২০২৪ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পুকুরপাড়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সেলিনা সাবরিন মিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, সহ সভাপতি হাসানুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব ও সবুর আহমেদ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্টের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এসময় নিজ জেলার পরিচিতদের কাছে পেয়ে নবাগত শিক্ষার্থীদের বেশ উচ্ছ্বসিত হতে দেখা যায়।
সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম বলেন, আজকে আমরা সুদূর রাজশাহী থেকে আগত নবীনদের বরণ করার লক্ষ্যে এ আয়োজন করেছি। আজকের এই আয়োজনের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা তাদের নিজ জেলার মানুষদের সাথে একত্রিত হতে পেরেছে। এতে করে আমাদের প্রাণের বন্ধন আরো মজবুত হবে।
তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে আরোও বলেন, আজকের এই অনুষ্ঠান হয়তো তোমাদের সাথে আমার শেষ অনুষ্ঠান। এরপর তোমাদের সাথে আনুষ্ঠানিকভাবে দেখা নাও হতে পারে। তোমরা অতীতে যেভাবে সংগঠনকে সময় দিয়েছো ভবিষ্যতে সংগঠনের জন্য কাজ করবে। এবং বিপদে-আপদে সুখে-দুখে সকলে একসাথে থাকবে।
সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব বলেন, রাজশাহী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন আমদের আবেগের জায়গা। আমাদের পূর্ববর্তী দায়িত্বশীল ও বড় ভাইগণ আমাদের জন্য একটি সুন্দর প্লাটফর্ম দাঁড় করিয়ে গেছেন। সেই সকল ভাইদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা সুন্দর সংগঠন পেয়েছি। এটা আমাদের হ্রদয়ে জায়গা করে নিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এ এইচ এম খায়রুজ্জামান লিটন সমগ্র বাংলাদেশে আমাদের রাজশাহীর সম্মানকে উঁচু করে তুলেছেন। আমরা যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনার প্রতিনিধিত্ব করছি এজন্য আমাদের উচিত হবে তার সুনাম অক্ষত রাখা ও সঠিক গন্তব্যে যাওয়া।
রাজশাহী জেলা থেকে নবাগত চবির চারুকলা ইন্সটিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বৃষ্টি আলম নবীন বরণের অনুভূতি ব্যক্ত করে বলেন, নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এরকম আন্তরিক এবং বন্ধুসুলভ সিনিয়র ভাইয়া এবং আপুদের সহচর্য পাওয়াটা সত্যি আনন্দের। আজকে আয়োজিত উষ্ণ অভ্যর্থনা, পুরষ্কার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ খেলাধুলার প্রতিটি পর্ব আমরা অনেক উপভোগ করেছি। এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি সহ সকল দায়িত্বশীল সিনিয়রদের প্রতি জানায় কৃতজ্ঞতা ও ভালোবাসা।
অনুষ্ঠানের শেষে কয়েকটি ইভেন্টে খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।