শাবনূরকে ‘মা’ মনে করেন দীঘি!

ছোট বেলাতেই দীঘি হারিয়েছেন মা।  মায়ের কথা মনে করে প্রায়ই কেঁদে উঠেন।  মাকে নিয়ে স্মৃতিচারণা করে প্রায়ই আবেগঘন স্ট্যাটাস দেন তিনি।

প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি।

কিছুদিন আগেই মায়ের ১২তম মৃত্যুবার্ষিকীতে ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে মাকে নিয়ে স্মৃতিচারণ করে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেন দীঘি। তবে এবার এই তারকা জানালেন, নন্দিত অভিনেত্রী শাবনূরকে মা মনে করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীঘি লেখেন, ‘আমি তাকে আমার মা মনে করি। শাবনূর আন্টি।’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি।

সম্প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতির পরিবার দিবসে হাজির হয়েছিলেন তাঁরা। সেখানেই ফ্রেমবন্দি হন দুই প্রজন্মের দুই তারকা।

বলে রাখা প্রয়োজন, ২০০৮ সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় দেখা গেছে দীঘিকে।

এর চেয়ে বড় খবর হচ্ছে, সিনেমাটিতে অভিনয় করে দর্শক-সমালোচকদের কাছে শিশুশিল্পী হিসেবে প্রশংসিত হন দীঘি। এখানেই শেষ নয়, এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন তিনি।