চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল

জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।  বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৫৫ বছর বয়সে তার মৃত্যু হয়।  তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।

জানা গেছে, আজ সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারা সুবাস’–একটি বিশেষ প্রদর্শনী ছিল।  এ প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন আহমেদ রুবেল।  আনুমানিক সাড়ে ৫টার দিকে শপিংমল বসুন্ধরা সিটির পার্কিংয়ে পরে যান তিনি।  পরে স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পরিচালক।

উল্লেখ্য, আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আয়েশ উদ্দিন। প্রয়াত সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা।  তাঁর প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’।

অন্যদিকে তার অভিনীত আলোচিত নাটক হচ্ছে ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’, ‘অতিথি’, ‘নীল তোয়ালে’ ইত্যাদি।

রুবেল এরপর একুশে টেলিভিশনের ‘প্রেত’ নাটকে অভিনয় করেন।  এছাড়া তিনি হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।

আহমেদ রুবেল মঞ্চ ও ছোটপর্দার অভিনেতা হলেও চলচ্চিত্রে অভিনয় করেও তিনি সুনাম অর্জন করেন।  ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন।  তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে, ‘চন্দ্রকথা’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘ব্যাচেলর’ ও ‘গেরিলা’।

তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।