সুস্থ জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি, মাদক ব্যবসায়ীকে ভ্যানগাড়ি কিনে দিল ওসি

দুঃখ যেন শেষ হয় না পারভীন আক্তারের (৪৫)। পঙ্গু স্বামী ও ৪ ছেলে-মেয়ে নিয়ে বাস করেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকায়। ৪ ছেলে-মেয়ের মধ্যে ২ ছেলে ও ২ মেয়ে। ৪ বছর আগেই স্বামী মো. মজিবুর রহমান এক সড়ক দুর্ঘটনায় বরণ করেন পঙ্গুত্ব । এ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। ৩ মাস আগেই ধরা পড়ে বড় ছেলে আকাশের (১২) দুরারোগ্য রোগ ক্যান্সার। পারভীন আক্তার নিজেও আক্রান্ত জরায়ু টিউমার রোগে।

এমতাবস্থায় উপার্জনের অন্য কোনো মাধ্যম খোলা না থাকায় এক প্রকার বাধ্য হয়েই নামতে হয় মাদক ব্যবসা।

তবে বিষয়টি নজর এড়ায়নি পটিয়া থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের। তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেন পারভীন আক্তার ও তার স্বামী মজিবুর রহমানের সাথে। এক পর্যায়ে ওসি জসীম উদ্দীনের কাছে প্রতিশ্রুতি দেন সুযোগ এবং সঠিক উপার্জনের মাধ্যম পেলে তারা মাদক ব্যবসা ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসবেন।

পরে পটিয়া থানার ওসি জসীম উদ্দীন তার ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নির্দেশনায় ও স্থানীয় কাউন্সিলরের সমন্বয়ে মাদক ব্যবসায়ী পারভীন আক্তার’কে পুনবার্সনের লক্ষ্যে ১টি ভ্যানগাড়ি প্রদান করেন।

এছাড়াও কাঁচামালের ব্যবসা করার জন্য নগদ টাকা প্রদান করেন।